করোনাভাইরাস মোকাবেলায় যে যেভাবে পারছে এগিয়ে আসছে। লড়াই চালিয়ে যাচ্ছে নিজেদের মতো করে। এবার এগিয়ে এলো বিশ্বের অন্যতম ক্রিকেট স্টেডিয়াম লর্ডস ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
করোনাভাইরাসের আক্রমণে তছনছ হয়ে গেছে ইউরোপ। ইংল্যান্ডেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এখন পর্যন্ত ইংল্যান্ডে প্রায় ২৩ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছে লর্ডস ও এমসিসি। আশপাশের হাসপাতালগুলোর ডাক্তার-নার্সদের জন্য স্টেডিয়ামের ৭৫টি পার্কিং স্পেস ছেড়ে দিয়েছে লর্ডস। এছাড়া লন্ডনের বিভিন্ন স্থানে খাদ্য সরবরাহ শুরু করেছে এমসিসি।
এমসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা স্থানীয় কমিউনিটি হাসপাতাল এবং বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছি। এটা সামাজিক দূরত্ব বরজায় রাখার সময়। কিন্তু আমরা পাশাপাশি থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সংকটের সময়ে যথাসম্ভব সবকিছুই করার জন্য হাসপাতাল ও সংগঠকদের প্রস্তাব দেওয়া হয়েছে।’
বিবৃতিতে এমসিসি আরও জানিয়েছে, ‘সিটি হারভেস্ট লন্ডন নামের সংস্থাটিকে খাবার সরবরাহ করছে এমসিসি। যাতে তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার সঠিক পদ্ধতিতে ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারে।’
১৮১৪ সালে প্রতিষ্ঠিত লন্ডনের এই স্টেডিয়ামকে ক্রিকেটের তীর্থভূমি বলা হয়। বিশ্বের একমাত্র ভেন্যু লর্ডসে এখন অবধি পাঁচটি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

