চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছে অসহায়-দুস্থ মানুষজন। নিজেদের দৈনিক খাদ্য যোগাড় করতে হিমশিম খাচ্ছে তারা।
এ অবস্থায় অন্যান্যদের মত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। গত ২৭ মার্চ থেকে প্রতিদিন এক বেলা করে ২শ অসহায়দের খাবার দিচ্ছে বাফুফে।
বাফুফের এই উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড পেইজ টুইটারে দুঃস্থদের মাঝে বাফুফের খাবার বিতরণের ছবি পোস্ট করে লিখেছে- ‘বাংলাদেশের অসহায় মানুষজন খাবারের জন্য সংগ্রাম করছে। প্রশংসনীয়ভাবে বাফুফে তাদের দুপুরের খাবার দিচ্ছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে হুইল চেয়ারে বসা একজন অসহায় নারীর ছবি দিয়ে জয় টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাবে। আমরা একসাথে করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হব।’
এদিকে, বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে ও দলের খেলোয়াড়রা অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন। সেটি নজর কেড়েছে ফিফার চোখে।

