করোনাভাইরাসের মহামারিতে থমকে গেছে বিশ্ব, স্থবির হয়ে পড়েছে বিশ্বের ক্রীড়াঙ্গন। যে কারণে স্থগিত হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল। এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশ্বের প্রায় প্রতিটি দেশে সাময়িক বন্ধ রাখা হয়েছে ফুটবল।
শুধু ফুটবলই নয়। বিশ্বে সব ধরণের ক্রীড়া ইভেন্ট এখন বন্ধ রয়েছে। পেছানো হয়েছে টোকিও অলিম্পিক, কোপা আমেরিকা, ইউরো কাপের মতো বড় ইভেন্টও।
এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। স্টেডিয়াম ভর্তি দর্শকে বেশ দাপটের সঙ্গে চলছে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ।
ইউরোপের একমাত্র দেশ হিসেবে শীর্ষ ফুটবল লিগ স্থগিত করেনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবল কর্তারা মনে করেন লিগ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সের্গেই ঝারদেস্কি জানান, ঘরোয়া ফুটবল লিগ ঠিকই চলবে। ‘আমরা প্রতিদিন পরিস্থিতি বিবেচনা করছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে। এখন লিগ বন্ধ করার কোনো কারণ দেখছি না।’

