পাকিস্তান ও ব্রাজিল। দুই মেরুর দুই দেশ, দুই দল। একটি ক্রিকেটের শীর্ষ দলের একটি। আরেকটি ফুটবলের সেরা দল।
পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ জিতেছে মোটে একবার, যেখানে ব্রাজিল ফুটবলের বিশ্ব মঞ্চে পাঁচবার সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার সুযোগ পেয়েছে।
এমন দুই দলের তুলনা করা নেহাতই অমূলক। সেই অমূলক তুলনাটি সামনে আনলেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ওয়াসিম আকরাম।
বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলে ব্রাজিল প্রতিভাবান খেলোয়াড় তৈরির কারখানা বলে বিবেচিত। তেমনই যুগে যুগে অনেক ক্রিকেটীয় প্রতিভার জন্ম হয়েছে পাকিস্তানে। আর তাই দুই মেরুর দুই দেশ একই সুত্রে বাঁধা বলে মনে করেন সাবেক এই বাঁহাতি পেসার।
সম্প্রতি ওয়াসিম আকরামের সঙ্গে আলাপে বসেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এ দীর্ঘদিন কোচিং করানো ডিন জোন্স ভালো করেই জানেন পাকিস্তানের ক্রিকেট ও ক্রিকেট প্রতিভা সম্পর্কে।
ওয়াসিম আকরামকে ডিন জোন্স বলেন, ‘তোমরা (পাকিস্তান) প্রতিভার কারখানা। আমরা অস্ট্রেলিয়ায় এটা প্রায়ই বলি যে পাকিস্তানে অনেক ক্রিকেটীয় প্রতিভা রয়েছে। দেখার বিষয় হল এটা কিভাবে কাজে লাগানো হচ্ছে।’
জবাবে ওয়াসিম আকরাম বলেন, ‘হ্যা, র ট্যালেন্ট, ক্রিকেটের ব্রাজিল বলা যেতে পারে।’
আশির দশকে পাকিস্তান দলের সামর্থ্য ও ১৯৯২ তে বিশ্বকাপ জেতা পাকিস্তানকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে মতামত দেন জোন্স।
এছাড়া রিভার্স সুইং, সুসরা সহ ক্রিকেটে বেশ কিছু নতুন টার্মের সঙ্গে পরিচয় করিয়েছেন পাকিস্তানি বোলাররা। যুগের পর যুগ বিভিন্ন নতুনত্ব নিয়ে আসা পাকিস্তানি বোলারদের প্রশংসা করেছেন এই অস্ট্রেলীয়।

