২০১০ সালের ঘটনা। সে সময়ের এল ক্লাসিকো মানে উত্তেজনা, আক্রমন-প্রতি আক্রমণের এক মর্যাদার লড়াই। যে লড়াই হারা যাবে না। জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে জয়ের জন্য, মর্যাদার জন্য।
পেপ গার্দিওলার বার্সেলোনা তখন উড়ছে। হোসে মরিনহো তার সৈন্য নিয়ে প্রস্তুত থাকলেও শেষ রক্ষা হয়নি। সেই ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাংকসরা।
ম্যাচের ফলাফলের চেয়েও সে ম্যাচে উত্তাপ ছড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের মাঝে মেজাজ হারিয়ে ধাক্কা মেরে বসেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলাকে।
সেখান থেকেই উত্তেজনার সুত্রপাত। এমন ব্যবহার মানতে পারেননি বার্সার খেলোয়াড়রা। তেড়ে এসেছিলেন রোনালদোর দিকে।
রোনালদোর উপর চড়াও হয়ে এগিয়ে এসেছিলেন জাভি, ভালদেস, পেদ্রোরা। খেলোয়াড়ি দিক দিয়ে রোনালদোর ধারে কাছে নেই পেদ্রো।
পেদ্রোকে এগিয়ে আসতে দেখে রোনালদো বলেন, ‘তুমি কে?’ জবাবে রোনালদোর উদ্দেশ্যে পেদ্রো বলেছিলেন, ‘আমি একজন বিশ্বচ্যাম্পিয়ন।’
দশ বছর আগের সে ঘটনা সম্প্রতি প্রকাশ করে স্প্যানিশ ফুটবল বিষয়ক পত্রিকা মার্কা।

