চলমান করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছেই। সেইসাথে বাড়ছে করোনা আক্রান্তে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও।
গত কয়েকদিনে সিঙ্গাপুরেও এর ব্যতিক্রম নয়। দেশটিতে নতুন করে গত শনিবার আবারো ২৬ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে ৭৪ জন বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিঙ্গাপুর ছাড়াও ইতালিতে এখন পর্যন্ত ৭৫ জন বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সেইসাথে স্পেনে ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও, বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও প্রবাসীদের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইতালি, স্পেন ও সিঙ্গাপুরসহ বিশ্বের ৭টি দেশে প্রায় পাঁচশত বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে দুই শতাধিক, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে এবং জার্মানিতে ১০ জন আক্রান্ত হয়েছেন।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, গত মাসের শেষ সপ্তাহ থেকেই করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের সংখ্যা বাড়ছে। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন। শনিবার এক দিনেই ২৬ বাংলাদেশি শনাক্ত হয়েছেন।
হাইকমিশনার জানান, সিঙ্গাপুরের বেশ কিছু ডরমিটরি ও মোস্তফা মার্টসহ বিভিন্ন এলাকা থেকে সংক্রমণ ছড়ানোর কথা বলা হচ্ছে। এরই মধ্যে দুটি ডরমিটরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আক্রান্ত লোকজনের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করছে সিঙ্গাপুর সরকার। তাদের বিষয়ে নিয়মিতভাবে হাইকমিশন খোঁজখবর রাখছে।
উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তিনি ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেও অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
পেপারস লাইফ/খবর/প্রবাস

