করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। সব ধরণের খেলাই এখন বন্ধ রয়েছে। বাতিল হয়েছে বড় বড় ইভেন্ট ও টুর্নামেন্ট। এমন অবস্থায় আগামী একবছর ক্রিকেট মাঠে বল গড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।
এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। শোয়েব বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়া বহু প্রতীক্ষিত সিরিজ হবে বলে মনে হয় না। আমার মনে হয়, আগামী এক বছর ক্রিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টি টোয়েন্টি বিশ্বকাপও হবে না বলেই মনে হচ্ছে।’
কয়েকদিন আগে ভারত ও পাকিস্তান দুই দেশের করোনার ত্রাণে টাকা তোলার জন্য তিন ম্যাচের ভারত-পাক ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু তার প্রস্তাব মেনে নিতে পারেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
আগামী ৬ মাসের মধ্যে ক্রিকেট মাঠে নামা যে সম্ভবই নয়, তা জানিয়েছিলেন কপিল। এখন শোয়েবও সেই কথার সাথে একমত প্রকাশ করে বললেন, আগামী এক বছর ক্রিকেট হবেই না।

