মরণঘাতী করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব রয়েছে স্থবির অবস্থায়। থমকে গেছে ক্রীড়াঙ্গনও, বন্ধ রয়েছে খেলা। এরই মধ্যে পূর্ব নির্ধারিত বেশ কিছু ক্রিকেট সিরিজ বাতিল করা হয়েছে। এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি করে ক্রিকেটের তিন মোড়ল খ্যাত ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
টেস্ট ক্রিকেটের প্রতিযোগিতা এবং রোমাঞ্চ বাড়ানোর লক্ষ্য নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই সঙ্গে দুই বছর মেয়াদী ওয়ানডে লিগ চালু করার সিদ্ধান্ত নেয় তারা। বর্তমান পরিস্থিতিতে এই দুই টুর্নামেন্ট কথা জানিয়েছে তিন মোড়ল।
জানা গেছে, দুই সপ্তাহ আগে আইসিসির সঙ্গে টেলিকনফারেন্সের সাহায্যে একটি সভায় বসে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রতিনিধিরা। সেখানে তিন দেশ থেকে প্রস্তাব দেয়া হয়েছে টুর্নামেন্ট দুটি বাতিল করার।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এ নিয়ে এখনো আলোচনা চলছে। আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি।’
অবশ্য এখন পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি আইসিসি।

