বাংলাদেশের সাবেক ওপেনার ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তথ্য পাচারের অভিযোগে এই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি।
আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা যে কোনো দলের সঙ্গে সাবেক এই ওপেনারকে যুক্ত না করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে আইসিসি
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য মতে, অভিযোগ উঠেছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে দলের ভেতরের তথ্য বাইরের বিভিন্ন জায়গায় পাচার করেছিলেন তিনি। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
আইসিসির নির্দেশনা অনুযায়ী জাভেদ ওমরকে আর কোনো দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গত বছর পর পর দুটি সিরিজে বাংলাদেশ নারী দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভেদ ওমর বেলিম। ছিলেন বিশ্বকাপ দলের সাথেও। নারীদের বিশ্বকাপ চলাকালে বেলিমের তথ্য ফাঁসের ব্যাপারে প্রাথমিক তথ্য পায় আইসিসি।
তদন্তের পর আইসিসি বেলিমের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়ে বিসিবিকে অনুরোধ করে জাভেদ ওমরকে আপাতত আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যে কোনো দল থেকে দূরে রাখার জন্য।।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ঘটনাটিকে যথেষ্ট হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘খুবই হতাশ! কাদের নিয়ে কাজ করব?’
বাংলাদেশ ক্রিকেটের শুরুর সাক্ষী এই বেলিম। আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ১৯৯৫ সালে। বাংলাদেশের হয়ে ৪০ টেস্ট এবং ৫৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

