জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে। দীপক আগারওয়াল নামের জুয়াড়ি ফাঁসিয়ে দেন বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।
সেই দীপক আগারওয়ালকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গতকাল এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির দুর্নীতি দমন বিভাগের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে আগারওয়ালকে।
২০১৮ সালে টি-১০ ক্রিকেট লিগে সিন্ধির ফ্র্যাঞ্চাইজির একজন মালিক ছিলেন আগারওয়ালও। আইসিসির দুর্নীতি দমন বিভাগের তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এর পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ২০২১ সালের ২৭ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে তার।
এক বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানান, আইসিসির দুর্নীতি দমন বিভাগের তদন্তে বাধা ও দেরি করানোর অনেক উদাহরণ আছে আগারওয়ালের বিরুদ্ধে।

