বার্সেলোনার থেকে দুই পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। লকডাউনের আগে শেষ রাউন্ডের খেলায় হেরে এই পিছিয়ে যাওয়া।
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকাস ভাসকেসের বিশ্বাস, স্প্যানিশ লা লিগা পুনরায় শুরু হবে এবং বার্সেলোনাকে পেছনে ফেলে লিগ শিরোপা জিতবে রিয়াল।
খেলা আবার কবে মাঠে গড়াবে, ক্লাব ফুটবলের থমকে থাকা মৌসুম আবার কবে শুরু হবে, তার কোনো নিশ্চয়তা নেই। এই ভাইরাস বিদায় হলে আবার খেলা মাঠে গড়ালে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে রিয়াল লিগ জিতবে বলে দৃঢ় বিশ্বাস ভাসকেসের।
২৮ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার এক সাক্ষাতকারে বলেছেন, ‘মাদ্রিদের সকল খেলোয়াড় পেশাদার। কোয়ারেন্টিনের সময়টা আমরা ভালোভাবে কাজে লাগাচ্ছি, অনেক অনুশীলন করছি। আবার যখন আমরা খেলব, আমরা লা লিগা জিতব।’
স্পেনের শীর্ষ লিগে চলতি আসরের ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিরশত্রু রিয়াল। মাদ্রিদের ক্লাবটি সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল।

