মোনেম মুন্নাকে বলা হয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার। কিং ব্যাক খ্যাত মোনেম মুন্নার দুটি জার্সি বিক্রি হলো নিলামে।
অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয় ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী দলের জার্সিটি। সেই জার্সিটি নিলামে বিক্রি হলো ৩ লাখ টাকায়। কিনে নিয়েছেন কার্নিভাল ইন্টারনেটের স্বত্ত্বাধিকারী।
সঙ্গে মাহবুব নামে এইচএসবিসির সিইও, যিনি আবাহনী এবং মুন্নার ভক্ত, আরেকটি জার্সি চেয়ে বসেন সুরভি মোনেমের কাছে। সেখান থেকেই আবাহনীর হয়ে মুন্নার ব্যবহার করা ২ নম্বর জার্সিটি কিনে নিয়েছেন ২ লাখ ১০ হাজার টাকায়।
করোনা দুর্গতদের সাহায্যের জন্য প্রয়াত ফুটবলার, ‘কিং ব্যাক’ খ্যাত মোনেম মুন্নার একটি ঐতিহাসিক জার্সি নিলামে তোলার ঘোষণা দেন তার স্ত্রী সুরভি মোনেম।
দেশীয় নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয় মোনেম মুন্নার ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ জয়ে যে জার্সি পরে খেলেছেন, সেই জার্সিটি।
১৯৮৯ সালে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা অর্জন করে। মোনেম মুন্না ছিলেন সেই দলের সদস্য।
মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম দুটি জার্সি বিক্রি হওয়ায় শুকরিয়া প্রকাশ করে বলেছেন, ‘আমি খুশি। আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার উদ্দেশ্য গরীব মানুষকে সাহায্য করা। যে দামে বিক্রি হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া।’
একই সঙ্গে নিলামে ওঠে রেফারি তৈয়ব হাসান বাবুর একটি ঐতিহাসিক জার্সি। ফিফার সাবেক এই রেফারি ২০১৩ সাল নেপালে প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে পরিচালনা করেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তিনি সেই ঐতিহাসিক জার্সিটি নিলামে তোলেন।
যার দাম আগেই ৫ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত বলে রেখেছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান নাসিম ফারুক খান মিঠু। শেষ পর্যন্ত তিনিই এই দামে জার্সিটি কিনে নিয়েছেন।

