করোনাভাইরাসের কারণে দেশের অসহায় মানুষদের সাহায্য করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। অসহায়দের সেবায় নিজেদের পছন্দের জিনিস বিকিয়ে দিতে দ্বিধা করছেন না তারা।
মাশরাফির ব্রেসলেট, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম নিজেদের কাছের প্রিয় ব্যাট তুলেছেন নিলামে। হালের আকবর আলীও নিলাম করেছেন তাদের ব্যাট-গ্লাভস বিক্রি করেছেন।
সৌম্য সরকারের ব্যাট বিক্রি হয়েছে, তাসকিন আহমেদ দিয়ে দিয়েছেন তার হ্যাটট্রিক করা বল। মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখরাও ব্যাট নিলামে তুলেছেন।
ক্রিকেটারদের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।
মাশরাফির ব্রেসলেট ৪২ লাখ টাকায় বিক্রি হলেও সেটি তাকে ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে বিডার প্রতিষ্ঠান বিএলএফসিএ। কিন্তু সাকিব আল হাসানের বিশ্বকাপ কাঁপানো ব্যাট কিংবা মুশফিকুর রহীমের দেশের ইতিহাসে গড়া প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি?
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনন্য নিদর্শন হওয়া ব্যাটগুলো ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি জানান, ক্রিকেটারদের স্মারকগুলো ফেরত আনতে যথাসাধ্য চেষ্টা করবেন তারা।
পাপন বলেন, ‘আমি উদ্যোগ নিব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ নিতে পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’

