সকল ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়েছেন সাকিব


সাকিব আল হাসান

পবিত্র শবে কদরের রাতে আল্লাহ-তায়ালার কাছে ফরিয়াদ জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

করোনাভাইরাস ও অতি প্রবল ঘূর্ণিঝড় আম্বানের দুর্যোগময় মুহূর্তে ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের রাতে আল্লাহর দরবারে নিজেদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিতে ভক্ত-সমর্থকদের আহ্বান জানিয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান সাকিব। পোস্টে তিনি লেখেন-

‘পবিত্র এই রাতটিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের সকল ভুলভ্রান্তির জন্য। করোনাভাইরাস মহামারির এই ক্রান্তিকালে সর্বশক্তিমানের কাছে ক্ষমাপ্রার্থনা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তাই পবিত্র এই রাতে আমরা পরম করুণাময়ের কাছে ক্ষমাপ্রার্থনা করি এবং সুন্দর একটি ভবিষ্যতের কামনা করি।’

কয়েকদিন আগে সাকিবের ঘর আলো করে তার স্ত্রী শিশিরের কোলজুড়ে এসে তাদের দ্বিতীয় সন্তান। মেয়ের নাম রেখেছেন ইররাম হাসান।

পুরো পরিবারসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। নিজ নামে একটি ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়-দুস্থদের সাহায্য করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।