করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর। মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ভোররাতে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। আমরা সবাই আসলে খবরটা পেয়ে ভেঙে পড়েছি। বাকি বিষয়গুলো পরে আপনাদের জানানো হবে।’
নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন।
নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

