ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে বসতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে সেই অবস্থানে দেখতে চান তিনি।
রোববার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এর সঙ্গে লাইভ আড্ডায় এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই ড্যাশিং ওপেনার ও নতুন ওয়ানডে অধিনায়ক।
সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ ‘স্লগ ওভার’ পর্বে ২৫টি প্রশ্ন ছুড়ে দেন তামিমকে।
প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল- ‘খেলা শেষে কী হতে চান? আপনার কাছে তিনটি অপশন…। কোচ, ধারাভাষ্যকার এবং ক্রিকেট বোর্ডের পরিচালক।’
উত্তরে তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন… ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।’ অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখা যেতেই পারে এই ক্রিকেটারকে।

