এবার সংবাদ বাছাই করার জন্য নিজেদের সাংবাদিকদের ছাঁটাই করে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটকে নিয়োগ দিচ্ছে মাইক্রোসফট। মার্কিন সংবাদমাধ্যম সিয়াটল টাইমস তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা যায়, মাইক্রোসফটের এই সিদ্ধান্তের ফলে জুন মাসের শেষের দিকে প্রায় ৫০ চুক্তিভিত্তিক সংবাদ প্রযোজক তাদের চাকরি হারাবেন। তবে ফুল-টাইম সাংবাদিকদের একটি টিম কাজ চালিয়ে যাবে।
আরও জানা যায়, মাইক্রোসফটের এমএসএন ওয়েবসাইটের জন্য বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের খবর বাছাইয়ের কাজ করতেন সাংবাদিকরা। তাদের কাজ ছিল সংবাদের শিরোনাম ও ছবি নির্বাচন করা। তাদের পরিবর্তে এখন এই কাজ করবে রোবট।
এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, এটি তাদের বাণিজ্যিক মূল্যায়নের অংশ। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, সব কোম্পানির মতোই আমরা নিয়মিত বাণিজ্যিক মূল্যায়ন করি। এর ফলে আমরা কিছু খাতে বিনিয়োগ বাড়াই, সময়ে সময়ে অন্য খাতে কমাই। চলমান মহামারির ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্যান্য টেক কোম্পানির মতো মাইক্রোসফট সংবাদ প্রতিষ্ঠানগুলোকে তাদের খবর এমএসএন ওয়েবসাইটে ব্যবহারের জন্য অর্থ প্রদান করে থাকে। ওয়েবসাইটে নিয়োগপ্রাপ্ত সাংবাদিকরা বাছাই করতেন কোন খবর প্রদর্শন এবং কীভাবে উপস্থাপন করা হবে।
সূত্র: বিবিসি।

