করোনার ভয়াবহতা থেকে রেহাই পায়নি ব্রাজিলের ফুটবলও। ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাব ভাস্কো দা গামা’র ১৬ জন ফুটবলারের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
রিও ডি জেনিরোর এই ক্লাবটিতে খেলোয়াড়, কোচসহ ২৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। ভাস্কোর মেডিকেল ডিরেক্টর মার্কোস তেক্সেইরা এক ইউটিউব চ্যানেলে ১৬ জন আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন।
টেক্সেইরা বলেন, ‘পরীক্ষার পর আমরা ১৬ জন খেলোয়াড়ের পজিটিভ পেয়েছি। তাদের দল থেকে আলাদা রাখা হয়েছে। চিকিৎসা চলছে। তারা ভাইরাস থেকে মুক্ত হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত বাকিদের সঙ্গে মিশতে দেয়া হবে না।’
জানা গেছে, এখন পর্যন্ত ব্রাজিলে ৫ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩২ হাজারের বেশি মানুষ।
