বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে বাড়তে পারে দারিদ্র। দারিদ্র্যে এক শতাংশীয় পয়েন্ট বৃদ্ধির ফলে নির্দিষ্ট কিছু দেশে শিশুশ্রম অন্তত দশমিক ৭ শতাংশ বাড়বে।
গত শুক্রবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফের প্রকাশিত ‘কোভিড-১৯ ও শিশুশ্রম: সংকটের সময়, পদক্ষেপের সময়’ শীর্ষক প্রতিবেদনে এই পর্যালোচনা তুলে ধরা হয়।
এ বিষয়ে আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, মহামারীর কারণে বিশ্বজুড়ে পারিবারিক আয়ে বিপর্যয় নেমে আসায় কোনো সহায়তা না পেয়ে অনেকেই শিশুশ্রমে নিয়োজিত হতে বাধ্য হবে।
প্রতিবেদনে বলা হয়, এর মধ্যেই শিশুশ্রমে থাকা শিশুদের হয়তো আরো বেশি কর্মঘণ্টা কাজ করতে হবে বা আরও বাজে পরিস্থিতিতে পড়তে পারে। তাদের মধ্যে আরও বেশি সংখ্যায় হয়তো বাজে ধরনের শ্রমে নিযুক্ত হতে বাধ্য হবে, যা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তায় মারাত্মক ক্ষতির কারণ হবে।
প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ এর ফলে দারিদ্র্য বেড়ে গিয়ে শিশুশ্রম বাড়াবে। কারণ বেঁচে থাকার জন্য পরিবারগুলো সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করবে। কিছু গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়,দারিদ্র্যে এক শতাংশীয় পয়েন্ট বৃদ্ধির ফলে নির্দিষ্ট কিছু দেশে শিশুশ্রম অন্তত দশমিক ৭ শতাংশ বাড়বে।

