করোনাকে হারিয়ে জিতেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা এবং বড় ভাই নাফিস ইকবাল। জানা গেছে, তাদের দ্বিতীয় টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (৩০ জুন) পরিবারের সবার করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন নাফিস ইকবাল এবং তার মাসহ পরিবারের বাকি সদস্যরা। বুধবার (১ জুলাই) রিপোর্ট এসেছে নেগেটিভ।
গত ১৯ জুন খবর প্রকাশ হয় নাফিস ইকবাল করোনা আক্রান্ত। ২০ জুলাই জানা গেছে, তিনি হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ওইদিনই খবর প্রকাশ হয়, মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত। একই সঙ্গে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুরও করোনা রিপোর্ট এসেছিল পজিটিভ।
এর মাঝে মাশরাফি জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। ১৪ দিন পার হওয়ার পর টেস্ট করাবেন। নাজমুল ইসলাম অপু টেস্ট করিয়েছেন। তার রিপোর্ট এসেছে নেগেটিভ। নাফিস ইকবালের করোনা আক্রান্ত হওয়ার একদিন পরই খবর আসে তার মাসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত।

