সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করতে গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসার পথে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর গার্ডারের একটি অংশে ফাটল দেখা দেয়।
পরীক্ষা-নিরীক্ষা করার পর ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করতে অন্তত ১৫ দিন সময় লাগবে। কেননা ফাটল পরীক্ষার যন্ত্র এখনো আসেনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী শুক্রবার ওই যন্ত্র ঢাকায় পৌঁছবে।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, ‘এ সময় পর্যন্ত যেকোনো ভারী যানবাহন (ছয় চাকা ও দশ চাকার মালবাহী ট্রাক) চলাচল নিষেধ করা হয়েছে।’

