২০১১ সালে ভারতের কাছে বিশ্বকাপ ফাইনালটি ইচ্ছে করেই হেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল, সেটি বিক্রি করে দিয়েছিল লঙ্কানরা। শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দার এমন দাবির বিষয়টি জটিল হচ্ছে ক্রমশই।
প্রাথমিকভাবে এটিকে হয়তো তেমন গুরুত্ব দেয়া না হলেও, বর্তমানে এ নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার।
সে ধারাবাহিকতায় বৃহস্পতিবার সেই ফাইনালের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকেও তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। স্বাভাবিকভাবেই সেখানে গিয়েছেন সাঙ্গা।
কিন্তু পরে আর পরিস্থিতি স্বাভাবিক থাকেনি। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে তার জিজ্ঞাসাবাদ। যার জের ধরে বিক্ষোভ প্রতিবাদ করেছেন শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকরা। সাবেক ক্রিকেটারদের একপ্রকার হেনস্থার অভিযোগ করেছেন তারা।
এছাড়াও শ্রীলঙ্কা দলের তখনকার প্রধান নির্বাচক অরভিন্দ ডি সিলভা এবং বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করেছে বিশেষ তদন্ত ইউনিট।
জবানবন্দিতে কী বলেছেন কিংবা কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এ বিষয়ে কিছু বলেননি সাঙ্গাকারা। যেমনটা বলেননি আগের দুইজন অর্থাৎ অরভিন্দ ডি সিলভা ও উপুল থারাঙ্গা। তবে অরভিন্দের জবানবন্দির সূত্র ধরেই থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল বিশেষ তদন্ত ইউনিট।
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সংবাদমাধ্যমকে সাঙ্গাকারা বলেছেন, ‘আমি এখানে নিজের জবানবন্দি দিতে এসেছিকাম। কারণ খেলাটার প্রতি আমার দায়িত্ববোধ ও সম্মান আছে। মহিন্দানন্দ আলুথাগমাগে যে অভিযোগ তুলেছেন, আশা করি তদন্তে সে বিষয়ে সকল সত্য উদঘাটিত হবে।’

