ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। গত চারদিনেই দেশটিতে করোনা রোগী বেড়েছে এক লাখ। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সাত লাখ ২০ হাজার ৩২৪ জন। মারা গেছেন ২০ হাজার ১৭৪ জন।
দেশটিতে গত ৩ জুন করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ পার হয়েছিল। গত ২ জুলাই সেই সংখ্যাটি তিনগুণ হয়ে ৬ লাখে পৌঁছে। তার চার দিন পরেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা সাত লাখ ছাড়াল।
দেশটিতে করোনা সংক্রমণ এক লাখ থেকে দু্ই লাখে পৌঁছতে সময় লেগেছিল ১৫ দিন। দুই থেকে তিন লাখে পৌঁছতে ১০ দিন লেগেছে। দিন যত গড়িয়েছে, এক এক লাখের চৌকাঠ পেরোতে তত কম সময় লাগছে।পাঁচ লাখ থেকে ছয় লাখে পৌঁছতে লেগেছিল পাঁচ দিন। আর ছয় থেকে সাতে পৌঁছতে লাগল চার দিন। করোনাভাইরাস যে গতিতে ছড়িয়ে পড়ছে, তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞ থেকে চিকিৎসকরা।
গত এক সপ্তাহে ভয়াবহভাবে বিস্তার ঘটেছে করোনা ভাইরাসের। বিশেষ করে গত চার দিনের বুলেটগতির সংক্রমণে দেশটিতে করোনা রোগীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৪ হাজার ২৪৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
ওই সময়ে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪২৫ জনের। ৬০.৮৫ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন ভারতে। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মহারাষ্ট্রে (১৫১)। তার পরেই দিল্লি, সেখানে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬৩।
করোনা সংক্রমণের নিরিখে ভারতে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। এই দক্ষিণী রাজ্যে সফলভাবে প্লাজমা প্রয়োগের কাজ এগোচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

