উত্তর মেরুর সাইবেরিয়ান অঞ্চলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। জুন মাসে গড় তাপমাত্রা রেকর্ড ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এটি গত দুই বছরের রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির চেয়েও অন্তত এক ডিগ্রি সেলসিয়াস বেশি।
মেরু অঞ্চলের তাপমাত্রা এভাবে বাড়তে থাকা ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, সেখানকার কিছু কিছু এলাকায় তাপমাত্রা বেড়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
বিজ্ঞানীরা বলছেন, এ অঞ্চলের সাম্প্রতিক দাবানলে প্রায় ৫ কোটি ৯০ লাখ টন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এর কারণেই সাইবেরিয়ান অঞ্চলের তাপমাত্রা এত বেশি বেড়েছে।
গত ২০ জুন সাইবেরিয়ার ভারখয়ানস্ক শহরের তাপমাত্রা পৌঁছেছিল ৩৮ ডিগ্রিতে, যা সেখানে ওই মাসের দৈনিক গড় তাপমাত্রার চেয়ে অন্তত ১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
রাশিয়ান বন সংস্থার তথ্যমতে, গত ৬ জুলাই পর্যন্ত এ অঞ্চলে ছোট-বড় অন্তত ২৪৬টি দাবানলে ১ হাজার ৪০০ কিলোমিটারেরও বেশি ভূমির গাছপালা পুড়ে গেছে।
মেরু গোলার্ধে উষ্ণ গ্রীষ্মকাল নতুন কিছু নয়। তবে গত কয়েক মাসে সেখানে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা। বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ তাপমাত্রা বেড়েছে উত্তর মেরুতে।

