করোনাভাইরাস থেকে বাঁচতে মানুষে মানুষে শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার করে ও নিয়ম করে হাত পরিষ্কার রেখে করোনা থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কিন্তু মানুষ কি সেই গুরুত্ব দিচ্ছে মাস্ক পরার ব্যাপারে? অধিকাংশই হয়তো দিচ্ছে, কিন্তু বাকি রয়ে যাচ্ছে অনেকেই। দেখা যাচ্ছে, অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে মাস্ক ছাড়া।
মানুষ না মানলেও, বানরটি ঠিকই মানছে এ নিয়ম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।
যেখানে একটি কাপড়ে মুখ ঢেকে প্রকাশ্যে হাঁটাচলা করছে বানরটি। তার সেই নিয়ম মানার দৃশ্য দেখে রীতি মতো মুগ্ধ নেটিজেনরা।
ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি প্রথমে সোশ্যাল মিডিয়ায় দেন। সেখানে দেখা যাচ্ছে, কাপড়টি নিয়ে বেশ কিছুক্ষণ সেটি পর্যবেক্ষণ করছে বানরটি। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর মাথা থেকে গলা পর্যন্ত জড়িয়ে নেয় সে। রোদের হাত থেকে বাঁচতে নারীরা যেভাবে মুখ ঢেকে নেয়, অবিকল যেন সেভাবে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ বানরের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। বানরের এ ধরনের বুদ্ধির নজির বারবার প্রকাশ্যে এসেছে বলেও মানছেন অনেকে।
https://twitter.com/i/status/1280525018309390337

