অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। ক্যারিয়ারের প্রথম অধিনায়কত্বে পেয়েছেন হারের তিক্ত স্বাদ।
করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে ক্রিকেটের ফেরার ম্যাচে ছিলেন না ইংলিশদের নিয়মিত অধিনায়ক জো রুট। পিতৃকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন স্টোকস। ব্যাটে-বলে নিজের দায়িত্ব সামলেছেন ঠিকই।
ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৮৯ রান আর বল হাতে ৬ উইকেট শিকার করেন স্টোকস। তবে ক্যাপ্টেন মানে তো কেবল নিজ দায়িত্ব পালন নয়, পুরো দলের দায়িত্বটাই তখন কাঁধে। আর এই দায়িত্ব পালনেই ঘাম বেরিয়েছে স্টোকসের।
তিনি বুঝতে পেরেছেন, কেন অধিনায়ককে ঘুমহীন রাত কাটাতে হয়!
তিনি বলেন, কাল রাতে (টেস্টের শেষদিনের আগের রাতে) একফোঁটা ঘুমাতে পারিনি। দল ভালো অবস্থায় ছিল না। জানতাম, এখান থেকে ম্যাচ বের করে আনা খুব কঠিন হবে। আমি এখন বুঝতে পারছি কেন অধিনায়করা ম্যাচ চলাকালীন ঘুমাতে পারেনা।
এই অলরাউন্ডার বলেন, রুট এইমূহুর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। দলে ওকে খুব দরকার। আর ক্যাপ্টেন্সিতে তো বটেই। ও তাড়াতাড়ি ফিরুক এটাই আমি চাই। বেস্ট অব লাক জো।

