করোনাভাইরাসের কারণে থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে দেশে-বাইরে মিলে বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচটি সিরিজ স্থগিত হয়ে গেছে। এশিয়া কাপও স্থগিত করা হয়েছে। সবশেষ বন্ধ করে দেয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও।
এ অবস্থায় টাইগারদের বন্ধ হওয়া সিরিজ-সফরগুলোর ভেতরে শ্রীলঙ্কা সফর নিয়েই কথা হয়েছে বেশি। কারণ লঙ্কানদের সঙ্গে টাইগারদের তিন ম্যাচের যে টেস্ট সিরিজ খেলার কথা, সেটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। তাই বিসিবির পক্ষ থেকে খেলার তাগিদ ছিল বেশি।
যেহেতু শ্রীলঙ্কায় করোনার প্রকোপ তুলনামূলক কম, সংক্রমণ এবং প্রানহানি বাংলাদেশের চেয়ে আনুপাতিকহারে অনেক কম- তাই লঙ্কানরাও বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজন করতে মুখিয়ে ছিল, এখনও আছে।
শুধু লঙ্কান বোর্ডই নয় বাংলাদেশও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভাবছে এবং সেটা শুধু ভাবাভাবির পর্যায়ে নেই, দুই বোর্ডের শীর্ষপর্যায়ে কথাবার্তা চলছে।
বিসিবির এক অতি নির্ভরশীল সূত্র জানিয়েছে, ঈদের পরই হয়তো শ্রীলঙ্কা সফরের বিষয়টি চূড়ান্ত হবে। প্রসঙ্গত, বিসিবি বস নাজমুল হাসান পাপন প্রোস্টেটের অপারেশনের পর বর্তমানে লন্ডন আছেন। তিনি দেশে ফেরার পর বোর্ডসভায় বিষয়টি নিয়ে কথা এবং সিদ্ধান্ত হবে। তবে এখনকার খবর, বিসিবি আর লঙ্কান বোর্ডের মধ্যে কথা চালাচালি চলছে।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর হতে পারে দেড় মাসব্যাপী। প্রথমত করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শ্রীলঙ্কা গিয়ে প্রথম ১৪ দিন পুরো দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেহেতু ম্যাচ প্র্যাকটিস একদমই নেই, তার ওপর তিন ম্যাচের টেস্ট সিরিজ; তাই শ্রীলঙ্কা গিয়ে কোয়ারেন্টাইন শেষে একটি দুইদিনের প্র্যাকটিস ম্যাচ খেলার প্রস্তাবও দেবে বাংলাদেশ। তারপর মূল সিরিজে মাঠে নামা।

