মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণার কয়েক মিনিট পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম- ইন্সটাগ্রামে অবসরের ঘোষণা দেন।
রায়না ইন্সটাগ্রামে লেখেন, মাহি তোমার সঙ্গে খেলা অসাধারণ অনুভূতি। গর্বের সঙ্গেই বলছি, এ যাত্রায় (অবসর) তোমার সঙ্গী হচ্ছি আমিও। ধন্যবাদ ভারত।
২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সুরেশ রায়নার। তারপরও নিজেকে ভারতীয় ক্রিকেটের অপরিহার্য সদস্য হিসেবে প্রমাণ করতে সক্ষম হন রায়না। ওয়ানডে ক্রিকেটের নিয়মিত সদস্য ছিলেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটা তার দখলে।
ক্যারিয়ারে ২২৬ টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬১৫ রান সংগ্রহ করেন রায়না। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি। টেস্ট খেলেছেন ১৮টি। এরমধ্যে সংগ্রহ করেছেন ৭৬৮ রান।তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। এই সংস্করণে ৭৮টি ম্যাচে ১৬০৫ রান সংগ্রহ তার।
ব্যাটসম্যান হিসেবেই নয়, ফিল্ডিংয়ে দক্ষতার জন্যও বেশ সুনাম কামিয়েছেন রায়না। ভারতের ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডারদের একজন ধরা হয় তাকে।
আইপিএলেও দুর্দান্ত সুরেশ রায়না। বিরাট কোহলির পর আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়না। এখন পর্যন্ত ১৯৩ ম্যাচে সংগ্রহ করেছেন ৫৩৬৮ রান।

