উইকিপিডিয়ায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর মৃত্যুবার্ষিকীর ভিন্ন ২টি তারিখ উল্লেখ করা হয়েছে।
ইংরেজি ভাষার সংস্করণে- কবি নজরুলের জীবনীর শুরুতে তাঁর জন্ম ২৪ মে ১৮৯৯ খ্রিস্টাব্দ এবং মৃত্যু ২৯ আগস্ট ১৯৭৬ খিস্টাব্দ বলা হয়েছে। অথচ একই পৃষ্ঠায় তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তে মৃত্যুবার্ষিকীর তারিখ ২৭ আগস্ট ১৯৭৬!

উকিপিডিয়ার বাংলা সংস্করণের দশা আরও করুণ,বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী নিয়ে এখানে উল্লেখ নেই সঠিক তথ্যটি। পৃষ্ঠাজুড়ে মৃত্যুর তারিখ ২৯ আগস্ট। উল্লেখ্য,বাংলা সন বা বঙ্গাব্দের সাথে মিলাতে গিয়ে এমন ভুলে হয়েছে এটা বলারও কোনো সুযোগ নেই। কেননা ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র কবির মৃত্যুর দিনটিও ইংরেজি সালের ২৭ আগস্ট (১৯৭৬) ছিলো।

তথ্যের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য অনলাইন মাধ্যমটির এমন দশা হতাশারই বটে। আর এই মারাত্মক ভুলটি হয়েছে এমন একজন মানুষের বেলায় যিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন।
২০০৪-এর ২৬শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত বিবিসি বাংলার এক জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ কুড়িজন বাঙালির তালিকায় তৃতীয় স্থানে আসেন কাজী নজরুল ইসলাম।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস হয়ে কাজ করেছে।
তিনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের এক দরিদ্র পরিবারের দুখু মিয়া হয়ে। আর মৃত্যুকালে তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি। মাঝে ৭৭ বছর জুড়ে ছিল সৃষ্টি ও সৃজনশীলতার এক বিশাল ইতিহাস।
দাসত্বের শৃঙ্খলে বদ্ধ জাতিকে শোষণ ও উৎপীড়ন থেকে মুক্ত হবার ডাক দিয়ে তিনি লিখেছিলেন, ‘বল বীর বল উন্নত মম শির,…যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না -বিদ্রোহী রণ-ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত!’
কবি নজরুল ইসলাম সব ধর্মের মধ্যে ভেদাভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছেন। তাঁর একটি কবিতার বিখ্যাত একটি লাইন ছিল – ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’
পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম হয় ১৮৯৯ সালের ২৫ মে, বাংলা সনের ১১ জ্যৈষ্ঠ ১৩০৬।
তবে কবে ছিল কাজী নজরুল ইসলামের মৃত্যু দিন? বিভিন্ন কনভার্টারের সাহায্য নিয়ে দেখা গেছে, বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র – যেদিন চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন বিদ্রোহী কবি, সেদিন ছিল ১৯৭৬ সালের ২৭ আগস্ট।

সে হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ, ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। ১৯৭৬ সালের আজকের এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলার অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

