বছরের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার রাজধানী গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা ২০২১ ও বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে এটি সারা বিশ্বের কাছে বিষ্ময়কর। আমাদের অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়ন সূচকের সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে। একইভাবে আমাদের জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির যে প্রচেষ্টা সেখানেও উন্নতি করেছি। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তখনও বর্তমান সরকার বই থেকে দূরে যাওয়ার কথা বলেনি। ঠিক তেমনি বইয়ের চাহিদার কারণে প্রকাশনা শিল্প গত কয়েক বছরে উন্নত ও আধুনিক হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের শিক্ষা পরিবারের সদস্য। তাদের এই আয়োজনে সাধুবাদ জানাই।
আরও পড়ুনঃ ডিসেম্বর থেকে লোডশেডিং না দেয়ার আশ্বাস পিডিবির
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সহসভাপতি কায়সার-ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মাজহারুল ইসলাম ও সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, বাংলাদেশ পুস্তক বাঁধাই মালিক সমিতি, নয়াবাজার পেপার মার্চেন্ট এসোসিয়েশন, পুরান ঢাকা কালি ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি ও ঘড়ি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

