দিন দুয়েক হলো নতুন জীবন শুরু করেছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। আশীর্বাদের অনুষ্ঠানে হরিণের চামড়া ব্যবহার বা মারামারির ঘটনা নিয়ে আলোচনার শেষ নেই।
আশীর্বাদে হরিণের চামড়া ব্যবহার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে তদন্তও করা হচ্ছে। তদন্তের দায়িত্বে আছেন, বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইন্সপেক্টর অসীম মল্লিক।
দোষী প্রমাণিত হলে, শাস্তির মুখে পড়তে পারেন জড়িতরা। এমনকি কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে সৌম্যকেও।
বাংলাদেশ বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক এসএম জহির উদ্দিন আকন গণমাধ্যমকে জানান, ওই ঘটনার তদন্তে ঢাকা থেকে ইন্সপেক্টর অসীম মল্লিককে সাতক্ষীরায় সৌম্য সরকারের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি তদন্ত শেষ করে এর প্রতিবেদন অফিসে জমা দিলেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তবে তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি বলে জানা গেছে।
গত ২১ ফেব্রুয়ারি সাতক্ষীরায় নিজ বাড়িতে সৌম্য সরকার তার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে হরিণের চামড়াকে আসন হিসেবে ব্যবহার করেন। আর আশীর্বাদের কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
একটি ছবিতে দেখা গেছে, হরিণের চামড়ার তৈরি আসনের ওপর বসে আশীর্বাদ অনুষ্ঠান হয়েছে সৌম্য সরকারের। আরো দুটি ছবিতে দেখা গেছে ওই চামড়ার ওপর সপরিবারে দাঁড়িয়ে সৌম্য সরকার।

