মচমচে চানাচুর খেতে আমরা সবাই ভালবাসি। মশলাদার এই খাবারটি সাধারণত বাইরে থেকে কিনে খেয়েই আমরা অভ্যস্ত। তবে খুব সহজে বাসায় থাকা কয়েকটি উপকরণে তৈরি করা যায় এই আলুর চানাচুর বা ভূজিয়া।
আসুন দেখে নেয়া যাক আলুর চানাচুর তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
আলু ২টি (মাঝারি আকারের আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নেয়া)
বেসন ১ কাপ
মরিচের গুড়া ১ চা চামচ
হলুদের গুড়া আধা চা চামচ
গরম মশলা আধা চা চামচ
আমচুর পাউডার ১ চা চামচ
লবণ স্বাদমত
হিং সামান্য
তেল ভাজার জন্য
চাট মশলা সামান্য
প্রণালী
সিদ্ধ আলু ভাল করে ম্যাশ করে নিন। আলুর সাথে বেসন, হিং, গরম মশলা, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এবং লবণ মিশিয়ে নিন। অল্প পানি দিয়ে এটি ডো তৈরি করে নিন। ডোটি নরম করার জন্য সামান্য তেল যোগ করতে পারেন। এখন চানাচুর তৈরির মেশিনে ডোটি রোল করে ঢুকিয়ে ফেলুন। চুলায় তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে চানাচুর মেশিন দিয়ে ডোটি তেলের মধ্যে দিয়ে দিন। মাঝারি আঁচে ভুজিয়াগুলো ভাজতে থাকুন। সোনালী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন। ভুজিয়ার উপরে চ্যাট মশলা দিয়ে পরিবেশন করুন মচমচে মজাদার আলু ভুজিয়া। চাইলে ভুজিয়ায় কয়েকটি বাদাম ভেজে যোগ করতে পারেন।

