দেশে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে নুরুল ইসলাম বাবুল জানান, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
জানা গেছে, গত রবিবার ( ১৪ জুন) অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগে দুবার তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দুবারই ফলাফল নেগেটিভ এসেছিল।
যমুনা গ্রুপের এক কর্মকর্তা বলেন, বাবুলের এক মেয়ে ও মেয়ের স্বামী অসুস্থ। তবে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসার ৬/৭ জন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে। যমুনা গ্রুপের ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি যমুনা গ্রুপের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাবুলের স্ত্রী সালমা ইসলাম সংসদ সদস্য। তিনি এখনও সুস্থ আছেন।

