করোনাভাইরাস সংক্রমণ রোধের প্রধান শর্ত সামাজিক দুরত্ব নিশ্চিত করা। কিন্তু অনেকেই তা মানছেন না। আর সে কারণেই সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক ঘোরাঘুরি এবং আড্ডাবাজি রোধ করতে অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র কোতোয়ালী থানা।
থানা এলাকার মানুষজনের উপর নজরদারি বৃদ্ধি করতে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইদানিং দেখা হচ্ছে রাস্তাঘাটে লোকজন অহেতুক ঘোরাফেরা ও আড্ডাবাজি করতে। এতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তাই কোতোয়ালী এলাকায় ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ থেকে ভালোভাবেই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার বিকাল থেকে নগরীর কোতোয়ালি থানা এলাকার জামালখান, কাজীর দেউরি, ব্যাটারি গলি, পাথরঘাটা, আলকরণ এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন উড়ানো হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও করা হয়। এসব ফুটেজ যাচাই বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কোতোয়ালী থানা পুলিশ।

