আবেদন করলে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে চিন্তা করবে সরকার।
আজ শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে নবনির্মিত বাহাদুরাবাদ ঘাট নৌ থানা ভবনের উদ্বোধন করে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, জানমালের নিরাপত্তার লক্ষ্যে যা যা করার দরকার, তা করে যাচ্ছে সরকার। তার ধারাবাহিকতায় এই নৌ থানা নির্মিত হয়েছে। এতে নৌপথে যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবে।’
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জ আসেন। পুলিশের আয়োজনে দেওয়ানগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে দুপুরের পর মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশেও যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাহিনীর সদস্য অনেক এর মধ্যে দু-এক হাজার পুলিশ সদস্য যদি অন্যায় কিছু করে থাকেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

