প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ নিতে আজ শুক্রবার (২২ মে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করেছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি সহমর্মিতা জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
উল্লেখ্য, বুধবার (২০ মে) ভারতের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান। তাণ্ডবে লণ্ডভণ্ড করে দিয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকায়।
হাজার হাজার কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে গেছে আম্পানের ভয়াল থাবায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন কলকাতায়।
একইদিন বিকালে তীব্র ঝড়ো বাতাস আর বৃষ্টি ঝড়িয়ে সাগর থেকে উপকূলে উঠে আসে আম্পান। তবে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা ও সুন্দরবন অংশের ওপর আঘাত করার পর আম্পানের বাংলাদেশ অংশটি উঠে আসে স্থলভাগে।
উপকূলীয় জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি না হলেও এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

