প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্বের মানুষ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও নেহাতই কম নয়। এর মধ্যেই আছে এক স্বস্তির খবরও। গোটা বিশ্বজুড়ে প্রায় ১১ লাখ মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ২ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন মানুষ। আর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ২১ হাজার ৫২২ জন।
আমেরিকায় সুস্থ হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। জার্মানিতে সংখ্যাটা প্রায় ১ লাখ ২০ হাজার, স্পেনে সেটা ১ লাখ ১২ হাজার। ভারতে আক্রান্তের সংখ্যাটা ৩৭ হাজার। সুস্থ হয়েছেন ১০ হাজারের বেশি। আরও অনেকেই সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জানা যায়, জার্মানিতে রোগমুক্তির হার প্রায় ৭৫ শতাংশ। যা সে দেশের কাছে প্রশংসনীয় একটি ফল। বিশেষজ্ঞদের মতে, বিপুল হারে টেস্টিং করানোর ফলেই এই সাফল্য অর্জন করতে পেরেছে তারা।
স্পেনে সেরে ওঠার হার প্রায় ৫২ শতাংশ। ইতালিতে তা ৩৬ শতাংশ ও ফ্রান্সে ৩০ শতাংশ। তবে শুধু টেস্টিং না, প্রতিটি দেশেই লকডাউনও সাফল্যের আর একটি বড় কারণ। রোগমুক্তির পরে অনেক দেশ এবং শহরই এখন লকডাউন শিথিল করার পথে।

