গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে বৈশ্বিক মহামারিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা আরও জানান, করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৯৯৫ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৫ জন।
উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি, যা এখনও অব্যাহত আছে। তবে এরই মধ্যেই প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা।

