চট্টগ্রামে নোভেল করোনায় (কোভিড-১৯) সংক্রমিত হয়ে জেলা পুলিশের কনস্টবেল মোখলেসুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে দশজন পুলিশ সদস্যের মৃত্যু হলো।
এর আগে ডিএমপির উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) , কনস্টেবল জসিম উদ্দিন (৪০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খালেক (৩৬), ট্রাফিক কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), ট্রাফিক কনস্টেবল জালালউদ্দিন খোকা (৪৭), পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই নাজির উদ্দীন (৫৫), পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায় ও চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত কনস্টেবল মো. নঈমুল হক করোনায় সংক্রমিত হয়ে মারা যান। নঈমুল হক ছাড়াও বাকি আটজন ডিএমপির সদস্য।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম) সোহেল রানা বলেন, মোখলেসুর রহমান মানুষকে সুরক্ষা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তার এই মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একদিকে যেমন গর্বিত, অন্যদিকে তার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলাদেশ পুলিশ তার পরিবারের পাশে থাকবে।
এর আগে, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৫১১ জনে।
এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫ জন। মোট সুস্থ ৫৬০২ জন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

