দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যে এবার গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮ জনে। সেইসাথে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।
আজ রোববার (৩১ মে) পুলিশের বিভিন্ন দফতর থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এছাড়াও, শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫২ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮০১ জন।
গত ২৯ মে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চার হাজার ৫৪৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের ১৫৬৩ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।
আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আটজন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জনসহ বাকিরা এসআই, এএসআই এবং কনস্টেবল।
পুলিশের সুরক্ষার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে।

