দেশে করোনা আতঙ্কে রাজশাহীর বাগমারায় বিদেশফেরত ১৭ ব্যক্তিকে এখনো খুঁজে পায়নি পুলিশ।
সেইসাথে এদের পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। পুলিশ এখনো তাদের সন্ধানে মাঠে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে চলতি মাসে বাগমারায় আসা ১৯৫ জনের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) তৈরি এ তালিকায় নাম থাকা ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ ছাড়া থানা পুলিশ নিয়মিত এদের খোঁজখবর রাখে এবং বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। কর্তৃপক্ষের কাছেও এদের বিষয়ে নিয়মিত প্রতিবেদন পাঠায় পুলিশ। বিদেশফেরত ১৭ জনকে নিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন বিপাকে পড়ে। তবে এই ১৭ জনের বিষয়ে স্বাস্থ্য বিভাগের কাছে কোনো তথ্য নেই।
এ বিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, তাদের সন্ধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। দুটি পৌরসভা ও ১৬ ইউনিয়ন নিয়ে গঠিত জেলার বৃহৎ এই উপজেলায় ঠিকানাবিহীন ১৭ জনের সন্ধান পাওয়া খুবই কঠিন। এরপরও তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুধু নাম ও উপজেলার নাম থাকলেও গ্রামের নাম না থাকায় বিদেশফেরত ওই সাতজনের সন্ধান পায়নি পুলিশ। তাঁদের খুঁজে বের করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহযোগিতা নেওয়া হলেও তাতে কোনো সফলতা আসেনি। তাদের অবস্থানের বিষয়েও অন্ধকারে রয়েছে প্রশাসন।

