করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপ। ইতোমধ্যেই এ অঞ্চলে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে শুধু ইউরোপ অঞ্চলেই মারা গেছেন ১ লাখ ৫১০ জন।
ইতালিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ জন। আর স্পেনে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৩ জন।এর সামান্য পিছেই রয়েছে ফ্রান্স।
জানা যায়, ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত স্পেন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। এরপর ইতালিতে ১ লাখ ৭৫ হাজার, ফ্রান্সে ১ লাখ ৫২ হাজার, জার্মানিতে ১ লাখ ৪৩ হাজার, যুক্তরাজ্যে ১ লাখ ১৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।
করোনার সংক্রমণ প্রতিরোধে ইউরোপের বেশির ভাগ দেশেই এখনও লকডাউনের মতো নির্দেশনা জারি রয়েছে। গত শনিবার এ ধরনের নিষেধাজ্ঞার সময়সীমা ৯ মে পর্যন্ত বাড়িয়েছে স্পেন।
তবে বেশ কিছু দেশ বিধিনিষেধ শিথিল করেছে। সুইজারল্যান্ড, ডেনমার্ক ও ফিনল্যান্ডে এ সপ্তাহেই দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ফের চালু হচ্ছে। ইতালিতেও লকডাউন শিথিল হচ্ছে। ইতোমধ্যেই চলাচলের জন্য ভেনিসের খালগুলো উন্মুক্ত করে দেয়া হয়েছে।

