এবার গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসে আরও দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে আসা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআরের প্রতিনিধি দল।
এরপর শুক্রবার (২৭ মার্চ) গাইবান্ধার আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানায় আইইডিসিআর। এ নিয়ে গাইবান্ধা জেলায় এ পর্যন্ত চারজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
আক্রান্ত চারজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন তিনজনসহ ২২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

