আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৬ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হচ্ছে বলে জানা যায়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসা করছেন।
তিনি জানান, দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ছাড়াও অন্যান্য চিকিৎসকরা তার খোঁজ খবর রাখছেন। রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।
শায়রুল কবির আরও জানান, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য আগে তিনি আমেরিকায় অপারেশন করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি কমপ্লিকেশনে ভোগেন।

