ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর


বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ

রাজধানী ঢাকার বাতাস এখন স্বাস্থ্যঝুঁকির মাত্রায় পৌঁছেছে। বায়ুমান সূচকে ১৫৭ স্কোর নিয়ে বৃহস্পতিবার বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুদূষণ সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষের জন্য বাড়তি উদ্বেগের কারণ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার বায়ুমানের এ চিত্র উঠে এসেছে।

প্রকাশিত তালিকায় ঢাকার চেয়েও বেশি দূষিত অবস্থায় রয়েছে এশিয়ার কয়েকটি বড় শহর। ২৯৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ভারতের দিল্লি ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। এ ছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭৪, ভারতের মুম্বাই ১৭৩ এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৭২ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

একিউআই স্কোরের ভিত্তিতে বায়ুর মানের ঝুঁকি নির্ধারণ করা হয়। স্কোর ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয় এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরের অর্থ বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। ৩০০-এর বেশি স্কোর বিপজ্জনক মাত্রার দূষণ নির্দেশ করে।

ঢাকার বায়ুদূষণের পেছনে দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎসের ভূমিকার কথা উঠে এসেছে। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে রাজধানীর বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে উল্লেখ করা হয়।

বাংলাদেশে বায়ুর মান মূল্যায়নে পিএম২.৫ ও পিএম১০ ধরনের বস্তুকণার পাশাপাশি নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মতো দূষক বিবেচনায় নেওয়া হয়।

বায়ুদূষণের প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের সঙ্গে স্ট্রোক, হৃদ্‌রোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যুর সম্পর্ক রয়েছে। বিশ্বজুড়ে প্রতিবছর বায়ুদূষণের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয় বলে সংস্থাটি জানিয়েছে।