দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর ৭ মাস ৯ দিন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের নিয়মিত প্রকাশনা মনিটরিং দি সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিক্স অব বাংলাদেশ ২০১৯ এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের ওই প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছরই গড় আয়ু বেড়েছে। ২০১৮ সালে এদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। এর আগের বছর গড় আয়ু ছিল ৭২ বছর।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ধারাবাহিকভাবেই বাড়ছে। শিশুমৃত্যুর হার কমে আসায় এবং দেশে জটিল রোগের চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়াকে এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

