পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সীমান্তবর্তী শহর ডিফায় ত্রাণ বিতরণকালে ভিড়ের চাপে পিষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের আহত হয়েছেন।
গত সোমবার সেখানে শরণার্থীরা খাবার, কাপড় ও নগত অর্থ সহায়তা নিতে জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইজারের আঞ্চলিক কর্মকর্তারা।
প্রকাশিত খবরে জানা গেছে, নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে এসে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। সোমবার সকালে ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের গেট খোলার পর সেখানে প্রচুর শরণার্থী জড়ো হয়েছিল। সেসময় ভিড়ের চাপে পিষ্ট হওয়ার এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, ডিফা শহর ও এর আশপাশের এলাকায় নাইজেরিয়া থেকে আসা প্রায় আড়াই লাখ শরণার্থী বসবাস করে। এদের অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশ ছেড়ে পালিয়েছে।

