বৃহস্পতিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সর্দি-কাশি ও জ্বর আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।
ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে রাতেই পুরো ভবনটি কোয়ারেন্টাইন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আইন-শৃঙ্খলা বাহিনী ভবনটি ঘিরে রেখেছে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, আনুমানিক ২৩ বছর বয়সী ওই যুবক চৌমুহনীতে এক চিকিৎসকের চেম্বারে সহকারী হিসেবে কাজ করতেন।
গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। দুই দিন থেকে এক মেডিসিন বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে তার বমির সঙ্গে রক্ত যেতে থাকে। এরপর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদরের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, হাসপাতালে এক যুবককে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্ভবত ওই তরুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

