গত ২৪ ঘণ্টায় ভারতে এক হাজার নয়শ ৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আশার খবর হলো, লাইফ সাপোর্টে যাওয়া এক রোগী প্লাজমা-চিকিৎসায় সেরে উঠেছেন। দিল্লির বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এ দাবি করেছে।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এ রোগ থেকে সেরে ওঠা কোনো ব্যক্তির প্লাজমা বা রক্তরস প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা কত দূর কার্যকর হতে পারে, সেই চর্চা চলছিল।
দিল্লির বেসরকারি একটি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেখানে ভর্তি-হওয়া ৪৯ বছর বয়সী করোনা আক্রান্তকে দিন সাতেক আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
তবে অবস্থার তেমন উন্নতি না-হওয়ায় পরিবারের অনুমতি নিয়েই করোনা-সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তির প্লাজমা তার শরীরে পুশ করে চিকিৎসা শুরু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চতুর্থ দিনের পর থেকেই সুস্থ হয়ে উঠতে থাকেন ওই রোগী। আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র : আনন্দবাজার

