চন্দন কুমার সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর স্বর্ণময়ী সরোবর (কাচারী পুকুর) পাড়ে ‘স্বাধীনতা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে ‘স্বাধীনতা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
জানা গেছে, পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বর্ণময়ী সরোবরটি কংক্রিটের ঢালাই দিয়ে পাড় বাঁধানোর কাজ করেন জাপা নেতা সাবেক সংসদ সদস্য মরহুম একেএম মাঈদুল ইসলাম মুকুল। পরে পৌর মেয়র তারিক আবু আলা সরোবরটির সৌন্দর্য্যবর্ধনের জন্য চারিদিকে বসার ব্রেঞ্চ, ফুলের বাগান ও লাইটিং এর ব্যবস্থা করেন।

এই পুকুরটি আরও দৃষ্টি নন্দন করার জন্য সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের উদ্দোগে পুকুরটির পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রায় ২শ ৮৫ ফুট দৈর্ঘ্য ও ৬ফুট প্রস্থ স্বাধীনতা সেতু নির্মান করা হবে। নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পার্থ সারথী সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, উলিপুর প্রেস ক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিঞাজী প্রমুখ।

